অনলাইন পেমেন্টেও টিকিট মিলছে না, স্টার সিনেপ্লেক্স নিয়ে ক্ষোভ প্রকাশ অমির

Mar 24, 2026 - 17:29
 0  9
অনলাইন পেমেন্টেও টিকিট মিলছে না, স্টার সিনেপ্লেক্স নিয়ে ক্ষোভ প্রকাশ অমির

ঈদকে ঘিরে প্রেক্ষাগৃহমুখী দর্শকদের ভিড়ের মধ্যেই দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স-এর অনলাইন টিকিটিং সিস্টেম নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনলাইনে মূল্য পরিশোধ করেও টিকিট নিশ্চিত না হওয়ার অভিযোগ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অমি জানান, অনলাইনে পেমেন্ট সম্পন্ন করার পর হটলাইনে যোগাযোগ করলে তাকে টিকিট নিশ্চিত হওয়ার কথা জানানো হয়। কিন্তু পরে হলে গিয়ে তিনি জানতে পারেন, সার্ভার সমস্যার কারণে তার বুকিং কার্যকর হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, অনলাইনে টাকা কেটে নেওয়ার পরও টিকিট নিশ্চিত না হওয়া অত্যন্ত হতাশাজনক। হটলাইন থেকে আশ্বস্ত করা হলেও বাস্তবে গিয়ে ভিন্ন তথ্য জানা যায়। পরে জানানো হয়, কেটে নেওয়া অর্থ সাত কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

অমি প্রশ্ন তোলেন, যদি সার্ভার ত্রুটি থেকেই থাকে, তাহলে কীভাবে পেমেন্ট গ্রহণ করা হলো? তার মতে, অর্থের চেয়েও বড় ক্ষতি হচ্ছে সময়ের অপচয়, যার দায় কেউ নিচ্ছে না। একই সঙ্গে তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে বিদ্যমান অনিয়ম ও ভোক্তা হয়রানি বন্ধের দাবি জানান।

শুধু অমি নন, আরও অনেক দর্শক একই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন, অনলাইনে টাকা পরিশোধের পরও তারা টিকিট পাননি।

এদিকে দর্শকদের অভিযোগের প্রেক্ষিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, অনলাইন টিকিট সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ও পেমেন্টের স্ক্রিনশটসহ ইমেইল বা ইনবক্স করতে বলা হয়েছে। তবে এই আশ্বাসের পরও অনেক ভুক্তভোগী এখনো কার্যকর সমাধান না পাওয়ার কথা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow