“আমি নিজেও অনলাইন ক্লাসের পক্ষে নই, তবে সময়ের দাবি মানতেই হবে”—শিক্ষামন্ত্রী

Apr 15, 2026 - 14:25
 0  19
“আমি নিজেও অনলাইন ক্লাসের পক্ষে নই, তবে সময়ের দাবি মানতেই হবে”—শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসের সমর্থক নন। তবে বৈশ্বিক বাস্তবতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এ পদ্ধতি গ্রহণ করা ছাড়া বিকল্প নেই।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “আমি নিজেও অনলাইন ক্লাস চাই না, কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদের সে দিকেই এগোতে বাধ্য করছে।” তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে শিক্ষা কার্যক্রমেও। এ কারণে অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয়ে একটি পদ্ধতি চালু করতে হচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন অংশীজনের সঙ্গে ব্যাপক আলোচনা করা হয়েছে। প্রায় ৭০০ থেকে ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়া হয়েছে। তবে এদের অধিকাংশই অনলাইন ক্লাসের প্রতি অনাগ্রহ প্রকাশ করেছেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow