আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

Jun 20, 2026 - 12:45
 0  15
আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি বড় আকারের পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক সমর্থক।

স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে এই অভিযোগ জমা দেওয়া হয়। ঘটনাটি উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় ঘটেছে।

অভিযোগে জানা যায়, বিশ্বকাপ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা নিজেদের অর্থ সংগ্রহ করে প্রায় ২০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি নদীর তীরবর্তী একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়।

ক্লাব সদস্যদের দাবি, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে শুক্রবার জুমার নামাজের পর ক্লাবের সদস্য টুটুল শিকদার বাদী হয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

টুটুল শিকদার বলেন, অনেক কষ্ট করে ক্লাবের সদস্যরা টাকা তুলে পতাকাটি তৈরি করেছিলেন। সদস্যদের বেশিরভাগই শিক্ষার্থী, যারা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে কিংবা পরিবার থেকে সংগ্রহ করে এই উদ্যোগে অংশ নিয়েছিল। তাই এ ঘটনায় তারা গভীরভাবে হতাশ এবং দোষীদের শাস্তি দাবি করছেন।

ক্লাবের আরেক সদস্য মামুন জানান, কেউ পতাকাটির সন্ধান দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, পতাকা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow