আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, ২০ জুনের মধ্যে স্থাপনের নির্দেশ

Jun 9, 2026 - 14:46
 0  15
আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, ২০ জুনের মধ্যে স্থাপনের নির্দেশ

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও কার্যক্রম পর্যবেক্ষণের জন্য প্রতিটি পরীক্ষাকক্ষ, কেন্দ্র সচিবের কক্ষ, অফিস কক্ষ এবং বিশেষভাবে প্রশ্নপত্র খোলার কক্ষকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে।

যেসব কেন্দ্রে এখনো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি, সেগুলোকে আগামী ২০ জুনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, সিসিটিভি সংক্রান্ত তথ্য নির্ধারিত পদ্ধতিতে অনলাইনে সংরক্ষণ করতে হবে। এ জন্য কেন্দ্র প্রধানদের বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Alim → eCIS → 2026 অপশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।

এছাড়া প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনে স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, ট্যাগ অফিসার বা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরসহ বোর্ডের নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষাকালীন ধারণকৃত সব ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব ফুটেজ সরবরাহ করতে কেন্দ্র কর্তৃপক্ষ বাধ্য থাকবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের এই উদ্যোগের মাধ্যমে আলিম পরীক্ষা আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow