আসামে ভূমিকম্প, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে কম্পন অনুভূত

Apr 7, 2026 - 18:22
 0  10
আসামে ভূমিকম্প, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে কম্পন অনুভূত

ভারতের আসাম রাজ্যে আঘাত হানা একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে (বাংলাদেশ সময়) এ ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল আসাম রাজ্যের ২৪.৮১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৬২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল প্রায় ২৫৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

এই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের সীমান্তবর্তী সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং ছাতকসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

অন্যদিকে, USGS জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিলচরসহ আসামের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলেও এ কম্পন অনুভূত হয়েছে।

হঠাৎ এ ভূকম্পনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে বহুতল ভবনে অবস্থানরত অনেকে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। তবে আবহাওয়া অধিদপ্তর এটিকে হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে।

এ ঘটনায় বাংলাদেশে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় মাঝারি ও স্বল্প মাত্রার ভূমিকম্পের পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow