আড়াই বছর পর জাতীয় দলে ফিরলেন নেইমার, আবেগঘন বার্তায় কাঁদালেন বাবা
দীর্ঘ অপেক্ষা, ইনজুরির কষ্ট আর নানা সমালোচনার অধ্যায় পেরিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন Neymar Jr.। প্রায় আড়াই বছর পর ২০২৬ বিশ্বকাপ মিশনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার প্রত্যাবর্তনের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি তার বাবাও।
দল ঘোষণার সময় কোচ Carlo Ancelotti যখন নেইমারের নাম ঘোষণা করেন, তখন Museum of Tomorrow-এ উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর ছেলের জাতীয় দলে ফেরা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগপূর্ণ বার্তা শেয়ার করেন নেইমারের বাবা।
তিনি লেখেন, ইনজুরির পর থেকে কষ্ট, অনিশ্চয়তা এবং কঠিন সময়ের স্মৃতি নিয়ে অনেক কিছু বলা যেত। এই সময়ে নীরবে অনেক কিছু সহ্য করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সেই কষ্টের প্রসঙ্গ না তুলে দিনটিকে আনন্দের দিন হিসেবে দেখার কথা বলেন।
বার্তায় তিনি আরও বলেন, পৃথিবীর যেখানেই নেইমার গেছেন, সেখানেই শিশুরা তার নাম ধরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই অবস্থানে ফিরে আসতে যে কঠোর পরিশ্রম ও দীর্ঘ প্রতীক্ষা ছিল, তা তাদের পরিবারের খুব ভালোভাবেই জানা। তিনি বলেন, কঠিন সময়, যন্ত্রণা ও নীরবতার পুরো পথচলায় তারা ছিলেন, আর এই যাত্রায় ঈশ্বর সহায়তা করেছেন।
ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ আন্তর্জাতিক গোলের মালিক নেইমার শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ওই ম্যাচে ২-০ ব্যবধানে হেরেছিল ব্রাজিল।
এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন এই ফরোয়ার্ড। ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম নেইমারকে দলে অন্তর্ভুক্ত করলেন আনচেলত্তি।
What's Your Reaction?