হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর ভাষায় সতর্ক করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।”
তিনি আরও উল্লেখ করেন, তিনি এমন পরিস্থিতি চান না, তবে বর্তমান পরিস্থিতি এমন দিকেই এগোতে পারে। একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনের মতো একটি গুরুত্বপূর্ণ রূপান্তর ইতোমধ্যে ঘটছে, যেখানে তুলনামূলকভাবে ভিন্ন ও কম উগ্র মনোভাবের নেতৃত্ব সামনে আসছে—যা ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
ট্রাম্প তার বক্তব্যে বলেন, “কে জানে? আজ রাতেই বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নির্ধারিত হতে পারে।” তিনি আরও বলেন, “৪৭ বছরের অবৈধ দমন-পীড়ন, দুর্নীতি এবং সহিংসতার অবসান ঘটতে পারে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক।”
এর আগে গত রোববার তিনি ইরানকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, মঙ্গলবার হতে পারে ‘বিদ্যুৎকেন্দ্র দিবস’ এবং ‘সেতু দিবস’। তিনি সময়সীমা নির্ধারণ করেন মঙ্গলবার রাত ৮টা (মার্কিন সময়), যা বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার সকাল ৬টা।
পরবর্তীতে সোমবার ট্রাম্প আরও কঠোর অবস্থান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালি খুলে দিতে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে ইরানের বিরুদ্ধে এক রাতেই কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তার ভাষায়, সেই রাতটি মঙ্গলবার রাতও হতে পারে।
এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।