ইরানে যুদ্ধবিরতি, তবে লেবাননে অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল
যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সমর্থন জানালেও ইসরায়েল স্পষ্ট করেছে, এই বিরতি শুধু ইরানেই প্রযোজ্য হবে—লেবানন-এ নয়।
বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, যুদ্ধবিরতির সময়কালেও লেবাননে তাদের সামরিক অভিযান চলমান থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিকভাবে ‘আত্মরক্ষামূলক’ জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছে বাহিনীটি।
এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ির শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
অন্যদিকে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট লেবাননের একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বুধবার সকাল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল কিংবা লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর কোনো হামলা চালায়নি তারা।
তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। একই দিনে ভোরে লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স
What's Your Reaction?