ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা, ত্যাগ ও মানবতার বার্তা প্রধানমন্ত্রীর

May 27, 2026 - 20:25
 0  14
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা, ত্যাগ ও মানবতার বার্তা প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা নিয়ে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের দ্বারে এসেছে।

তিনি বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং মানুষের ভেতরের লোভ, হিংসা, বিদ্বেষ এবং অমানবিক প্রবৃত্তিকে দমন করার শিক্ষাই কোরবানির মূল দর্শন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মসমর্পণ এবং ত্যাগের চেতনা মানুষের জীবনকে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এ বছর কোরবানি দেওয়ার সুযোগ পেয়েছেন, তারা যেন কোরবানির মাংস এমন মানুষের সঙ্গে ভাগাভাগি করেন, যাদের সে সুযোগ হয়নি। তার মতে, সমাজে সহমর্মিতা ও অংশীদারিত্বের মনোভাবও কোরবানির অন্যতম শিক্ষা।

একই সঙ্গে তিনি কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পশুর বর্জ্য ও রক্ত পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া উচিত, যাতে কোরবানির দিনেই পরিবেশ পরিষ্কার রাখা সম্ভব হয়।

ভিডিও বার্তার শেষ অংশে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন বাংলাদেশের পাশাপাশি সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতিকে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে বিশ্বজুড়ে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার জন্যও তিনি দোয়া করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow