ঈদুল আজহা উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ সরকারের
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৪ মে) কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে বিশেষ বিবেচনায় চারজন কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে এবং তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তারা মুক্তি পাবেন।
সাজা মওকুফ পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি কার্যকর করা হবে।
What's Your Reaction?