ঈদুল আজহা কবে, যা বলছে সংযুক্ত আরব আমিরাত

Apr 7, 2026 - 15:35
 0  10
ঈদুল আজহা কবে, যা বলছে সংযুক্ত আরব আমিরাত

আসন্ন পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য তারিখ ধরে সরকারি ছুটির অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

রোববার (৫ এপ্রিল) প্রকাশিত Khaleej Times-এর এক প্রতিবেদনে জানানো হয়, আমিরাতের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে।

ইসলামিক বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয় এবং এর আগের দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যখন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।

এই হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজের মূল দিন পালিত হতে পারে। এর পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য এই তারিখকে কেন্দ্র করে আমিরাত সরকার ইতোমধ্যে ছুটির সূচি নির্ধারণ করেছে। দেশটিতে সাপ্তাহিক ছুটি শনি ও রোববার হওয়ায় ৩০ ও ৩১ মে ছুটির দিন হিসেবে যুক্ত হবে। পাশাপাশি ২৬ মে (হজের দিন) এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে।

সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের সরকারি ছুটি ভোগ করবেন দেশটির বাসিন্দারা।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঈদের চূড়ান্ত তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow