ঈদের আগে কমলো সোনার দাম, নতুন ভরিপ্রতি মূল্য কত?
ঈদুল আজহা সামনে রেখে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণায় প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়।
অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার মূল্য রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে গত ২১ মে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। তখনও একই পরিমাণ অর্থাৎ প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা সমন্বয় করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ৩২ বার কমানো হয়েছে।
এছাড়া ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ে ৬৪ বার মূল্য বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
অন্যদিকে সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম মোট ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।
What's Your Reaction?