ঈদের খাবারে সতর্কতা: যেসব সমস্যায় পড়তে পারেন, সুস্থ থাকতে করণীয়
ঈদ মানেই নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন। তবে আনন্দের এই ভোজে অসতর্কতা থাকলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই উৎসবের আনন্দ উপভোগের পাশাপাশি খাদ্যাভ্যাসেও সচেতন থাকা জরুরি।
পেট ফাঁপা, গ্যাস ও অ্যাসিডিটি
ঈদের সময় অতিরিক্ত তেল-ঝাল বা বেশি পরিমাণে খাবার গ্রহণের কারণে অনেকেই পেট ফাঁপা, গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। এ ধরনের সমস্যা এড়াতে পরিমিত খাবার গ্রহণ করা এবং খাবার ও পানীয়ের মাঝে কিছুটা সময়ের ব্যবধান রাখা প্রয়োজন। সমস্যা দেখা দিলে হালকা খাবার খাওয়া, ভাজা জিরার পানি বা টক দই উপকারী হতে পারে। প্রয়োজনে আগে থেকেই গ্যাসের ওষুধ নেওয়া যেতে পারে।
কোষ্ঠকাঠিন্য
উৎসবে সাধারণত মাংস, পোলাও ও মিষ্টি বেশি খাওয়া হয়, কিন্তু আঁশযুক্ত খাবার কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তাই শাকসবজি, ফলমূল ও পর্যাপ্ত পানি খাদ্যতালিকায় রাখা জরুরি। ফলের রসের বদলে পুরো ফল খাওয়াই বেশি উপকারী।
বমি, ডায়রিয়া ও পেটব্যথা
খাবার তৈরির সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলে এসব সমস্যা দেখা দিতে পারে। তাই খাবার ভালোভাবে রান্না করা, পরিবেশনের পাত্র পরিষ্কার রাখা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা জরুরি। আধা সেদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে। দুধে অ্যালার্জি বা ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দুধজাত খাবার থেকে বিরত থাকা উচিত। সমস্যা দেখা দিলে ওরস্যালাইন পান করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি
লম্বা ছুটিতে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও কম শারীরিক পরিশ্রমের কারণে সহজেই ওজন বেড়ে যেতে পারে। তাই উচ্চ ক্যালরিযুক্ত খাবার সীমিত পরিমাণে খাওয়া, মিষ্টিজাতীয় খাবার কমানো এবং সালাদসহ স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পাশাপাশি নিয়মিত কিছুটা শরীরচর্চাও জরুরি।
সব মিলিয়ে, ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি সচেতন খাদ্যাভ্যাস বজায় রাখলে সুস্থ থাকা সম্ভব।
What's Your Reaction?