এআইয়ের দুই রাজা কেন মামলায় জড়িয়েছেন

May 7, 2026 - 20:00
 0  22
এআইয়ের দুই রাজা কেন মামলায় জড়িয়েছেন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে আইনি জটিলতায় জড়িয়েছেন প্রযুক্তি বিশ্বের দুই আলোচিত ব্যক্তি ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। ওপেনএআই-এর আদর্শিক অবস্থান ও করপোরেট কাঠামো পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে চলছে বহুল আলোচিত এই মামলা। সম্প্রতি মামলার শুনানিতে দুজনই পৃথকভাবে আদালতে হাজির হন।

মামলায় ইলন মাস্কের অভিযোগ, ওপেনএআইকে শুরুতে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে সেটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন বর্তমান সিইও স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। মাস্কের দাবি, এর মাধ্যমে প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ও মানবকল্যাণের অঙ্গীকার থেকে সরে আসা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে মাস্ক বলেন, অতিরিক্ত মুনাফাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে মানবজাতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি স্যাম অল্টম্যানের বিরুদ্ধে করপোরেট প্রতারণার অভিযোগও তোলেন।

শুনানিতে আদালতে উপস্থাপন করা হয় অল্টম্যান, ব্রকম্যান, মাস্ক এবং তার সাবেক সহকর্মী ও বান্ধবী শিবন জিলিসের মধ্যকার বিভিন্ন ইমেইল ও বার্তা। ওপেনএআইয়ের আইনজীবীরা এসব নথির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে, প্রতিষ্ঠানটির কাঠামো পরিবর্তনের আলোচনা বহু বছর আগেই শুরু হয়েছিল এবং সেই আলোচনায় মাস্ক নিজেও যুক্ত ছিলেন।

আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ২০১৭ সালের দিকে ওপেনএআই পুরোপুরি অলাভজনক কাঠামোয় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বিপুল পরিমাণ বিনিয়োগ সংগ্রহের প্রয়োজন দেখা দেওয়ায় করপোরেট কাঠামো পরিবর্তনের চিন্তা শুরু হয়।

এ সময় ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ও ইলিয়া সুতস্কেভার প্রতিষ্ঠানটিকে ‘বি কর্প’ মডেলে নেওয়ার প্রস্তাব দেন। এই ধরনের প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে পরিচালিত হলেও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখে।

শিবন জিলিসের কিছু বার্তা থেকে আরও জানা যায়, মাস্ক ওপেনএআইয়ের ওপর অধিক নিয়ন্ত্রণ চেয়েছিলেন। এমনকি তিনি ওপেনএআইকে টেসলার অধীন একটি ‘বি কর্প’ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার প্রস্তাবও দিয়েছিলেন। জিলিসের মতে, টেসলার অধীনে গেলে ওপেনএআইয়ের অর্থায়ন সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হতো।

ওপেনএআইয়ের আইনজীবীরা আদালতে জানান, ইলন মাস্ক প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ও বড় বিনিয়োগকারী ছিলেন। তবে তিনি ২০১৮ সালে কোম্পানি থেকে সরে যান। পরে অভিযোগ ওঠে, শিবন জিলিস ওপেনএআইয়ের গোপন তথ্য মাস্কের কাছে সরবরাহ করেছিলেন।

২০২৩ সালে জিলিস ওপেনএআইয়ের বোর্ড ছাড়েন। একই সময় ইলন মাস্ক নিজস্ব এআই প্রতিষ্ঠান এক্সএআই চালু করেন। পরবর্তীতে তাদের চ্যাটবট ‘গ্রোক’ বাজারে আসে, যা বর্তমানে চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow