এক বিশ্বকাপে উত্থান, আরেক বিশ্বকাপে কি বিদায় বলবেন হামেস?
২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। সেই আসরে গোল্ডেন বুট জিতে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন তিনি। যদিও কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় কলম্বিয়া, তবুও হামেসের পারফরম্যান্স তাকে পৌঁছে দেয় ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের দরজায়।
তবে শুরুতে অসাধারণ সম্ভাবনার ঝলক দেখালেও ক্যারিয়ারের পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতা পুরোপুরি ধরে রাখতে পারেননি এই অ্যাটাকিং মিডফিল্ডার। এখন আরেকটি বিশ্বকাপকে সামনে রেখে তার অবসরের গুঞ্জন জোরালো হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন হামেস রদ্রিগেজ। বিষয়টি ইতোমধ্যেই তার বর্তমান ক্লাব মিনেসোটা ইউনাইটেডকে অবহিত করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
৩৪ বছর বয়সী এই কলম্বিয়ান ফুটবলার ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন, আগামী বিশ্বকাপই হতে পারে তার ক্যারিয়ারের শেষ বড় টুর্নামেন্ট। যদিও তার চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সম্ভাবনা রয়েছে, তবুও অবসরের সিদ্ধান্তই আপাতত তার প্রথম পছন্দ বলে জানা গেছে।
সাংবাদিক ফেলিপে সিয়েরার তথ্য অনুযায়ী, হামেস আগেই ক্লাবকে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেননি তিনি।
মেজর লিগ সকারে (এমএলএস) মিনেসোটা ইউনাইটেডের হয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না হামেসের। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেললেও মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া এখনো গোল বা অ্যাসিস্টের খাতাও খুলতে পারেননি এই তারকা মিডফিল্ডার।
সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপই হতে পারে হামেস রদ্রিগেজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়। যদিও বিশ্বকাপ শেষে তিনি সিদ্ধান্ত বদলাবেন কি না, সেটি সময়ই বলে দেবে।
What's Your Reaction?