এপ্রিলে রেমিট্যান্সে জোয়ার, শীর্ষে সৌদি আরব ও যুক্তরাজ্য

May 4, 2026 - 13:08
 0  13
এপ্রিলে রেমিট্যান্সে জোয়ার, শীর্ষে সৌদি আরব ও যুক্তরাজ্য

চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। মাসটিতে দেশে মোট ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে সর্বোচ্চ অবদান রেখেছেন সৌদি আরব-এ অবস্থানরত প্রবাসীরা।

সোমবার (৪ মে) প্রকাশিত বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে সৌদি আরব থেকে এসেছে ৫২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার, যা সর্বোচ্চ। এর পরেই রয়েছে যুক্তরাজ্য, যেখান থেকে এসেছে ৫২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া শীর্ষ প্রবাসী আয়ের উৎস হিসেবে তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, ওমান, সিঙ্গাপুর, কুয়েত এবং কাতার

উল্লেখিত দেশগুলো থেকে যথাক্রমে ৪০ কোটি ২৭ লাখ ৪০ হাজার, ৩২ কোটি ১ লাখ ৪০ হাজার, ২১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার, ১৭ কোটি ৫৯ লাখ ২০ হাজার, ১৫ কোটি ৭৪ লাখ ৬০ হাজার, ১৪ কোটি ৪০ লাখ ২০ হাজার, ১৩ কোটি ৯২ লাখ ৬০ হাজার এবং ১৩ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

ব্যাংকভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫২ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলো পাঠিয়েছে ১৯ কোটি ১২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—২৩৯ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার।

এর আগে মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা একক মাস হিসেবে সর্বোচ্চ ছিল। ফেব্রুয়ারি ও জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow