ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্যহার প্রকাশ করে বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরেক দফায় ৩৮৭ টাকা বৃদ্ধি করে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৭ টাকা।
ফলে এপ্রিল মাসে পরপর দুই দফা মূল্য সমন্বয়ের মাধ্যমে ১২ কেজির সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছিল। সর্বশেষ ঘোষণায় সেই বৃদ্ধির একটি অংশ সমন্বয় করে দাম কমানো হলো।
নতুন মূল্যহার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।