এসএসসি পরীক্ষা পেছানোর গুজব ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশজুড়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বক্তব্য দেন বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই সভায় শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পরীক্ষা পেছানোর যে তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা অযথা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, নির্ধারিত রুটিন অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে, কারণ এই সূচি আগেই চূড়ান্ত করা হয়েছে এবং পরীক্ষার প্রশ্নপত্রও ইতোমধ্যে মুদ্রণ সম্পন্ন হয়েছে। ফলে পরীক্ষা পেছানোর কোনো কারিগরি বা প্রশাসনিক সুযোগ নেই।
শিক্ষামন্ত্রী কেন্দ্রসচিবদের উদ্দেশে পরীক্ষার সকল প্রস্তুতি দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর আগে গত সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন। সেখানে তিনি বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
What's Your Reaction?