কারিনার মরদেহ দেশে আনার বিষয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

May 16, 2026 - 15:44
 0  11
কারিনার মরদেহ দেশে আনার বিষয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে। লিভার–সংক্রান্ত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় শনিবার কারিনার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী রোববার মরদেহ ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

চিকিৎসার উদ্দেশ্যে কারিনার সঙ্গে ভারতে গিয়েছিলেন তার মা লোপা কায়সার এবং দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। তবে কায়সার হামিদ বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছেন।

এ বিষয়ে তিনি বলেন, “মরদেহ সংরক্ষণসহ কিছু আনুষ্ঠানিক বিষয় রয়েছে। সব প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে। ফলে আজ বিকেল ৩টার ফ্লাইটে আসা সম্ভব হচ্ছে না। আগামীকাল রোববার চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটে তারা ফিরবেন।”

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন তার বাবা কায়সার হামিদ।

মেয়ের মৃত্যুর সংবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টও করেন তিনি। সেখানে তিনি লেখেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার আদরের মেয়ে কারিনা কায়সার কিছুক্ষণ আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে। তার কোনো ভুলত্রুটি বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই কঠিন সময়ে যারা পরিবারের পাশে থেকেছেন, দোয়া ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow