কেন অন্যের সঙ্গে নিজের তুলনা করা ক্ষতিকর—জানুন বিস্তারিত

Mar 26, 2026 - 22:38
 0  13
কেন অন্যের সঙ্গে নিজের তুলনা করা ক্ষতিকর—জানুন বিস্তারিত

অনেকেই অজান্তেই নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করেন, যা ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং হীনম্মন্যতার অনুভূতি তৈরি করে। এমনকি এতে মানুষ নিজেকে কম সুখী বলেও মনে করতে শুরু করে। বাস্তবে, অন্যের সঙ্গে তুলনা করা কাউকে ভালো প্রতিযোগী বা বেশি পরিশ্রমী করে তোলে না; বরং এটি মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করে, যাতে নিজের অর্জনগুলোও তুচ্ছ মনে হতে থাকে।

১. নিজের অগ্রগতি উপেক্ষিত হয়

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যখন কেউ বারবার অন্যের সঙ্গে নিজেকে মেলাতে থাকে, তখন সে নিজের উন্নতির দিকে নজর না দিয়ে অন্যের অবস্থানকে মানদণ্ড হিসেবে ধরে নেয়। ফলে ‘আমি কি আগের চেয়ে ভালো করছি?’—এই প্রশ্নটি হারিয়ে যায়। তার জায়গায় আসে—‘আমি কি অন্যদের থেকে এগিয়ে?’

২. অর্জনের মূল্য কমে যায়

গবেষণায় আরও দেখা যায়, যারা নিজেদের তুলনা করেন বেশি সফল ব্যক্তিদের সঙ্গে, তারা নিজের গুরুত্বপূর্ণ অর্জনগুলোকেও ছোট করে দেখেন। গবেষকরা একে ‘অ্যাকমপ্লিশমেন্ট নেগলেক্ট’ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ নিজের সাফল্যকে গুরুত্ব না দেওয়া।

৩. লক্ষ্য স্থির থাকে না

ধরুন, আপনি একটি লক্ষ্য পূরণ করেছেন। কিন্তু অন্য কারও বড় সাফল্য দেখে যদি মনে হয় আপনার অর্জন যথেষ্ট নয়, তাহলে সেই তৃপ্তি আর আসে না। ফলে লক্ষ্য বারবার পরিবর্তিত হয় এবং আপনি সন্তুষ্টির অনুভূতি থেকে দূরে সরে যেতে থাকেন। এতে একসময় মানুষ নিজেকে ‘অতৃপ্ত’ অবস্থায় আবিষ্কার করে।

৪. ঈর্ষা ও উচ্চাকাঙ্ক্ষা গুলিয়ে যায়

অনেক সময় মানুষ ঈর্ষাকে উচ্চাকাঙ্ক্ষা ভেবে ভুল করে। কিন্তু বাস্তবে ঈর্ষা এমন লক্ষ্য তৈরি করে, যা ব্যক্তি নিজে সত্যিকারের চায় না; বরং অন্যকে দেখে তা অর্জনের চেষ্টা করে।

শেষ কথা

নিয়মিত অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করলে প্রকৃত সাফল্য অর্জন করা কঠিন হয়ে পড়ে। এতে নিজের উন্নতি ও অর্জনগুলো আড়ালে থেকে যায় এবং আত্মতৃপ্তি কমে যায়। ধীরে ধীরে এমন ধারণা জন্ম নেয় যে, অন্য সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে আছেন।

তাই নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে কিছু বিষয় মেনে চলা জরুরি—

  • নিজের অর্জনের জন্য কৃতজ্ঞ থাকা
  • যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার অভ্যাস গড়া
  • বর্তমানকে গুরুত্ব দেওয়া
  • অপ্রয়োজনীয় তুলনা এড়িয়ে চলা

মনে রাখবেন, প্রত্যেক মানুষই স্বতন্ত্র—কারও সঙ্গে কারও তুলনা চলে না। আপনার লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন নিজেকে আরও উন্নত করা, অন্তত গতকালের তুলনায় সামান্য হলেও এগিয়ে যাওয়া।

নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোর ওপর মনোযোগ দিন, ছোট ছোট অর্জনগুলো উদযাপন করুন এবং নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow