খামেনির রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি শুরু, বড় আয়োজনের পরিকল্পনা ইরানের
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত থাকা এ আয়োজনকে ঘিরে নতুন করে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, জানাজা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি বিশেষ সমন্বয় দপ্তর গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থা ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিয়েছে।
তবে এখনো রাষ্ট্রীয় জানাজার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাপক পরিসরে অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
ইরানের রাজধানী তেহরানে ইসলামিক প্রচার সংস্থার সমন্বয় পরিষদের প্রধান মোহসেন মাহমুদির বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, অনুষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে এবং এ লক্ষ্যে বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনকারী আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন।
রাষ্ট্রীয় টিভির তথ্যমতে, আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হলে দেশজুড়ে ব্যাপক জনসমাগমের মাধ্যমে জানাজা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাতের স্থায়ী সমাধানে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?