খারগ দ্বীপে ফের হামলা, ইরানের তেল রফতানি কেন্দ্রে বিস্ফোরণের খবর

Apr 7, 2026 - 18:49
 0  6
খারগ দ্বীপে ফের হামলা, ইরানের তেল রফতানি কেন্দ্রে বিস্ফোরণের খবর

পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপ-এ আবারও হামলার ঘটনা ঘটেছে। মার্কিন ও ইসরাইলি বাহিনীর এই হামলার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এবং মার্কিন গণমাধ্যম Axios

প্রতিবেদন অনুযায়ী, খারগ দ্বীপে একাধিক দফায় হামলা চালানো হয়েছে এবং সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হামলার বিস্তারিত বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খারগ দ্বীপে হামলা বা এটি দখলের হুমকি দিয়েছিলেন। গত ৩০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলের কূপ এবং খারগ দ্বীপ ধ্বংস করার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই দ্বীপটিতে একাধিকবার হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

সাম্প্রতিক এই হামলার খবর এমন সময় সামনে এলো, যখন ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন—ইরান যদি নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না করে, তাহলে দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আরও হামলা চালানো হতে পারে।

দীর্ঘদিন ধরে খারগ দ্বীপ ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গভীর জলসীমায় অবস্থিত হওয়ায় এখানে ‘ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার’ (ভিএলসিসি) ধরনের বিশাল তেলবাহী জাহাজ সহজেই নোঙর করতে পারে। এসব ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন সম্ভব। ইরানের মোট তেল রফতানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অধীন US Central Command দাবি করেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতে ইরানের ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ১৫৫টিরও বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow