নারী ফুটবলে গুরুতর নৈতিক লঙ্ঘনের ঘটনায় সাবেক কোচ পেত্র ভ্লাচোভস্কির বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তিনি চেক প্রজাতন্ত্রের ক্লাব এফসি স্লোভাকোর নারী দলের দায়িত্বে ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, প্রায় চার বছর ধরে ভ্লাচোভস্কি নারী ফুটবলারদের লকার রুম ও বাথরুমে গোপনে ভিডিও ধারণ করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর গত বছর চেক প্রজাতন্ত্রের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। আদালত তাকে এক বছরের স্থগিত কারাদণ্ড এবং দেশের অভ্যন্তরে পাঁচ বছরের কোচিং নিষেধাজ্ঞা দেয়।
পরে উয়েফার কন্ট্রোল, এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি বডি ঘটনাটি নিয়ে পৃথক তদন্ত চালায়। তদন্ত শেষে সংস্থাটি জানায়, খেলোয়াড়দের প্রতি ‘অশোভন ও অপমানজনক আচরণ’ সংক্রান্ত নীতিমালা ভঙ্গ করেছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ মে) তার বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।
উয়েফা জানিয়েছে, নিষেধাজ্ঞাটি আন্তর্জাতিকভাবে কার্যকর করতে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার কাছেও আবেদন করা হয়েছে। পাশাপাশি চেক ফুটবল ফেডারেশনকে তার কোচিং লাইসেন্স বাতিলের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত ফুটবলে নির্যাতন ও অনৈতিক আচরণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানসিক কল্যাণ নিশ্চিত করা ফুটবলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।
উল্লেখ্য, ২০২৩ সালে অনলাইনে তার ধারণ করা ভিডিও ফুটেজের সূত্র ধরে কর্তৃপক্ষ ভ্লাচোভস্কিকে গ্রেপ্তার করে। তিনি প্রায় ১৫ বছর এফসি স্লোভাকোর নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চেক অনূর্ধ্ব-১৯ নারী দলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।