চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের দল দিল বিসিবি

Jun 3, 2026 - 19:54
 0  15
চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের দল দিল বিসিবি

দীর্ঘ চার বছর পর আবারও বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোসাদ্দেকের পাশাপাশি দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। এর ফলে গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া।

সর্বশেষ ২০২২ সালের আগস্টে বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের হয়ে একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতকসহ ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পেলেন এই ডানহাতি ব্যাটার।

অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজে দলে না থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য আবারও জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোহান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow