ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়
চীনের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। বসন্তকালীন ছুটিতে ‘ফুল উপভোগ করো, প্রেমে পড়ো’—এমন বার্তা দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার বাইরে গিয়ে প্রকৃতি ও ব্যক্তিগত সম্পর্কের দিকে মনোযোগ দিতে উৎসাহ দেওয়া হয়েছে।
সিচুয়ানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন তাদের অফিসিয়াল উইচ্যাট বার্তায় জানায়, আগামী ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ছুটির থিম নির্ধারণ করা হয়েছে ‘ফুল দেখো, প্রেম উপভোগ করো’। এই সময় শিক্ষার্থী ও শিক্ষকদের বই থেকে বিরতি নিয়ে প্রকৃতি এবং মানবিক সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই উদ্যোগটি এসেছে চীনা সরকারের সাম্প্রতিক কিছু নীতিগত পরিকল্পনার প্রেক্ষাপটে। সরকার গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর কথা জানিয়েছে। পাশাপাশি অফ-পিক সময়ে ভ্রমণ বাড়াতে ধাপে ধাপে বেতনসহ ছুটির ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে সিচুয়ান ও জিয়াংসু প্রদেশসহ বিভিন্ন এলাকায় এপ্রিল বা মে মাসে বসন্তকালীন ছুটির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। প্রায় ১৪০ কোটির জনসংখ্যার এই দেশে অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে ভ্রমণ ও অবসর কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, অবসর সময় বৃদ্ধি পেলে জন্মহারও বাড়তে পারে। কারণ ২০২৫ সালে দেশটির জনসংখ্যা টানা চতুর্থবারের মতো কমেছে এবং জন্মহার নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে।
এদিকে, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) শিশু-বান্ধব শহর গড়ে তুলতে নতুন নির্দেশনা দিয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ ও বিনোদন খাতে উন্নত সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
এক পর্যটন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা জ্যামস লিয়াং বলেন, পরিবার গঠনের জন্য প্রয়োজন পর্যাপ্ত সময় ও আর্থিক সক্ষমতা। তরুণদের বড় পরিবার গঠনের সামাজিক ও ব্যক্তিগত গুরুত্ব বোঝাতে আরও উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।
What's Your Reaction?