জন্মদিনে কেক কেটে মাঠে, ফিফটি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন মুশফিক

May 9, 2026 - 11:38
 0  15
জন্মদিনে কেক কেটে মাঠে, ফিফটি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ছিল বিশেষ এক আবহে। মাঠে নামার আগে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে জন্মদিন উদযাপন করা হয় অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের। ৩৯তম জন্মদিন উপলক্ষে সতীর্থদের সঙ্গে কেক কাটতে দেখা যায় তাকে। এমন আয়োজন পেয়ে কিছুটা বিস্মিতও মনে হয়েছে টাইগারদের নির্ভরযোগ্য এই ব্যাটারকে।

জন্মদিনের উদযাপনের পর ব্যাট হাতেও দারুণ দায়িত্বশীল ইনিংস খেলছেন মুশফিক। দ্বিতীয় দিনের শুরু থেকেই ধৈর্য ও সতর্কতায় ব্যাটিং করে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি। প্রথম দিনের খেলা শেষে ৪৮ রানে অপরাজিত থাকা এই উইকেটরক্ষক ব্যাটার ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি পূর্ণ করেন ১১৪ বলে।

এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে আউট হলে ব্যাটিংয়ে নামেন মুশফিক। এরপর মুমিনুল হকের সঙ্গে চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ ৭৫ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত এনে দেন তিনি।

মুমিনুল হক শতকের সম্ভাবনা জাগিয়েও ব্যক্তিগত ৯১ রানে নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি মুশফিক। লিটন দাসকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময় স্বস্তিতেই পার করেন তিনি।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩০১ রান। দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৪ রান। ১৫৭ বলে ৮টি চারের সাহায্যে ৬৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow