ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

Jun 20, 2026 - 14:17
 0  10
ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু কৌশলগত পদক্ষেপ নিতে পারেন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে চলমান শান্তি উদ্যোগকে জটিল করে তুলতে পারে। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহবিরোধী সামরিক অভিযান অব্যাহত রাখার ইসরায়েলি পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক চাপ বজায় রাখতে আগ্রহী। একই সময়ে তিনি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ও সামনে থাকা নির্বাচনের চাপও মোকাবিলা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর ধারণা—লেবানন সীমান্তে সেনা উপস্থিতি কমানো বা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শিথিল করলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। ফলে তিনি কঠোর অবস্থান বজায় রাখার কৌশলেই এগোচ্ছেন।

এদিকে ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শান্তি সমঝোতা হয়েছে, তা নিয়ে ইসরায়েলের ভেতরে অসন্তোষ রয়েছে। তেল আবিবের আশঙ্কা, এই চুক্তির ফলে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপে সীমাবদ্ধতা তৈরি হতে পারে।

মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, যদি ইসরায়েল লেবাননে সামরিক তৎপরতা আরও বাড়ায়, তাহলে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সাম্প্রতিক সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে। এতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১২ জুন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই শান্তি সমঝোতার অংশ ইসরায়েল নয়।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই নেতানিয়াহুকে লেবানন ইস্যুতে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, দীর্ঘস্থায়ী এই সংঘাত ইতোমধ্যেই বহু প্রাণহানির কারণ হয়েছে এবং পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow