ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টায় এলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

May 23, 2026 - 13:22
 0  12
ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টায় এলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদুল আজহার আগেই মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দাখিল করা হলে মামলার বিচারিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়তে পারে। তিনি উল্লেখ করেন, এ ধরনের স্পর্শকাতর মামলায় ডিএনএ রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডের ডিএনএ রিপোর্ট পেতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে। যদি ঈদের আগেই চার্জশিট জমা দেওয়া সম্ভব হয়, তাহলে ঈদের পরপরই বিচার কার্যক্রম শুরু করা যাবে। এতে জনগণের প্রত্যাশাও পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এ মামলার বিচার শেষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে।

পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow