ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের ২৪ সদস্যের বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ জারি করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে হামের ব্যাপক বিস্তার ঘটেছে, যার ফলে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ পরিস্থিতির পেছনে টিকাদান কার্যক্রমের ব্যবস্থাপনায় অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ প্রেক্ষাপটে টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য অনিয়মের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?