তালসারিতে শুটিং চলাকালে পানিতে তলিয়ে অভিনেতা রাহুলের মৃত্যু

Mar 30, 2026 - 11:34
 0  15
তালসারিতে শুটিং চলাকালে পানিতে তলিয়ে অভিনেতা রাহুলের মৃত্যু

পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রোববার (২৯ মার্চ) ঘটে যাওয়া এ ঘটনায় বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা যায়, ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে ইউনিটসহ তালসারিতে গিয়েছিলেন তিনি। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামলে হঠাৎই পানিতে তলিয়ে যান রাহুল। বিষয়টি বুঝতে পেরে ইউনিটের টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন।

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, কিছু সময় পানির নিচে থাকার পর তাঁকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

ধারাবাহিকটির সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষ হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। তাঁর ভাষায়, সবাই যখন মধ্যাহ্নভোজে যান, তখন রাহুল আরও কিছু শট দেওয়ার কথা বলে একা থেকে যান। কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

অন্যদিকে শিল্পী ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচী বলেন, শুটিং শেষে রাহুল পানিতে নামেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো তিনি সাঁতার জানতেন না বা বালুর মধ্যে পা আটকে যাওয়ায় বিপদে পড়েন। উদ্ধার করার সময় তিনি জীবিত থাকলেও হাসপাতালে নেওয়ার পর আর বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর গাড়িচালক জানান, পানির দিকে এগোতে থাকলে তাঁকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা শোনেননি।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাই সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত মুখ ছিলেন। চার শতাধিক নাটকে অভিনয়ের পাশাপাশি তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চিরদিনই তুমি যে আমার’ ব্যাপক সাফল্য পায়। এছাড়া ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার–কে বিয়ে করেন রাহুল। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৭ সাল থেকে আলাদা থাকার পর তাদের বিচ্ছেদ হয়। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন তিনি, যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।

এই অকাল মৃত্যুর ঘটনায় পুরো বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow