তীব্র গরমে সুস্থ থাকতে করণীয়—সহজ কিছু কার্যকর উপায়
প্রচণ্ড গরমে জনজীবন যখন অস্বস্তিকর হয়ে ওঠে, তখন এটি শুধু দৈনন্দিন জীবনযাত্রায় বিঘ্ন ঘটায় না, বরং স্বাস্থ্যের জন্যও বড় ঝুঁকি তৈরি করে। শহর থেকে গ্রাম—সব জায়গাতেই টানা উচ্চ তাপমাত্রা মানুষের স্বাভাবিক কর্মকাণ্ডে প্রভাব ফেলছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে ভোগা ব্যক্তিদের জন্য এই সময়টি বেশি ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট যুক্ত হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়লে হিট স্ট্রোক বা হিট এক্সহস্টন-এর মতো সমস্যা দেখা দিতে পারে। এতে হৃদযন্ত্র ও কিডনির ওপর চাপ বাড়ে, যা মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। তাই এই সময়ে সচেতন থাকা এবং কিছু অভ্যাসে পরিবর্তন আনা জরুরি।
ঘর ঠান্ডা রাখার কৌশল
ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ হলেও কিছু সহজ পদ্ধতি কাজে লাগতে পারে। সন্ধ্যার পর বাইরের বাতাস ঠান্ডা হলে জানালা খুলে দিন। দিনের বেলায় সূর্যের তাপ প্রবেশ ঠেকাতে জানালা বন্ধ রেখে পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করা ভালো। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখলেও ঘরের তাপ কমে।
ফ্যান ও এসির সঠিক ব্যবহার
তাপমাত্রা যদি ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, তাহলে ফ্যান ব্যবহারই যথেষ্ট। এর বেশি হলে শুধুমাত্র ফ্যান ব্যবহার করলে গরম বেশি লাগতে পারে। এ ক্ষেত্রে এসি ২৭ ডিগ্রিতে সেট করে ফ্যান চালালে দ্রুত আরাম পাওয়া যায় এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।
শরীরকে ঠান্ডা রাখা
গরমে হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরা উচিত। ঠান্ডা পানিতে গোসল করা বা ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নেওয়া স্বস্তি দেয়। তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করা জরুরি—প্রতিদিন অন্তত ২ থেকে ৩ লিটার। প্রস্রাবের রং গাঢ় হলে তা পানিশূন্যতার লক্ষণ হতে পারে।
খাবারে সচেতনতা
ভাজাপোড়া ও তেলযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত লবণ শরীরকে দ্রুত পানিশূন্য করে। পাশাপাশি ক্যাফেইন ও অতিরিক্ত চিনি যুক্ত পানীয় কম খাওয়াই ভালো। বেশি ফ্যাটযুক্ত দুধ বা চিজ হজমে সমস্যা তৈরি করতে পারে এবং শরীরের তাপ বাড়াতে পারে।
সতর্ক সংকেত উপেক্ষা নয়
মাথা ঘোরা, বমিভাব বা বিভ্রান্তির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনি সমস্যায় ভোগা ব্যক্তিদের এই সময়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
বিশেষজ্ঞদের মতে, সচেতনতা এবং সঠিক প্রস্তুতি থাকলে তীব্র গরমেও সুস্থ থাকা সম্ভব। (সূত্র: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দ্য টাইমস ম্যাগাজিন)
What's Your Reaction?