দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ের প্রস্তুতিতে হুমা কুরেশি

May 9, 2026 - 17:04
 0  12
দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ের প্রস্তুতিতে হুমা কুরেশি

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে বাগদান সম্পন্ন হওয়ার পর এখন চলছে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের মাঝামাঝি সময়ে বিয়ের আয়োজন সম্পন্ন হতে পারে। তবে প্রচলিত বলিউডি জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে অনুষ্ঠান করতে চান হুমা।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, জীবনের বিশেষ এই মুহূর্তটিকে ব্যক্তিগত ও শান্ত পরিবেশে উপভোগ করতে চান অভিনেত্রী। তাই বড় আয়োজনের বদলে পরিবারের সদস্য ও কাছের মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তিনি।

রচিত সিং বিনোদন অঙ্গনের পরিচিত মুখ না হলেও বলিউডে একজন দক্ষ অভিনয় প্রশিক্ষক হিসেবে পরিচিত। তার প্রশিক্ষণ নিয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং এবং ভিকি কৌশল-এর মতো তারকারা।

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ‘থাম্মা’ সিনেমার একটি স্ক্রিনিংয়ের পর। পরে সোনাক্ষী সিনহার বিয়ের অনুষ্ঠানে একই রঙের পোশাকে তাদের উপস্থিতি আলোচনাকে আরও জোরালো করে। এরপর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ব্যক্তিগত আয়োজনে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

বন্ধুত্ব থেকে শুরু হওয়া সেই সম্পর্ক এখন আনুষ্ঠানিক পরিণতির পথে। ভক্তদের মধ্যেও তাদের বিয়ে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন হুমা কুরেশি। সর্বশেষ তাকে দেখা গেছে সিঙ্গেল সালমা সিনেমায়। বর্তমানে তিনি কাজ করছেন বহুল আলোচিত সিনেমা টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস-এ। এতে ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করছেন তিনি।

সিনেমাটিতে আরও রয়েছেন যশ, নয়নতারা এবং কিয়ারা আদভানি। নির্মাতারা জানিয়েছেন, বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন ও কৌশলগত অংশীদারিত্বের কারণে ছবিটির মুক্তির তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন মুক্তির দিন ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow