দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, এবার নজর ওটিটি প্ল্যাটফর্মেও

Jun 11, 2026 - 12:10
 0  10
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, এবার নজর ওটিটি প্ল্যাটফর্মেও

দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার পর আবারও ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত বছরের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্মের পর মাতৃত্বকে সময় দিতে অভিনয়জগৎ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সেই অধ্যায় শেষে নতুন উদ্যমে কাজে ফিরতে যাচ্ছেন এই তারকা।

তবে এবার ক্যাটরিনার প্রত্যাবর্তন হতে যাচ্ছে কিছুটা ভিন্নভাবে। বড় পর্দার পাশাপাশি তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওটিটি কনটেন্টেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে, ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজ বা ডিজিটাল প্রজেক্টে যুক্ত হওয়ার সম্ভাবনাও বিবেচনা করছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যায়, বর্তমানে বিভিন্ন গল্প ও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন ক্যাটরিনা। মাতৃত্বের পর তিনি এমন চরিত্র ও প্রকল্প বেছে নিতে চান, যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। পাশাপাশি নতুন চলচ্চিত্র নিয়েও পরিকল্পনা করছেন অভিনেত্রী।

সূত্রগুলো আরও জানিয়েছে, নিজের পরবর্তী কাজের বিষয়ে তিনি খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চান। তাই কোনো তাড়াহুড়ো না করে সময় নিয়ে উপযুক্ত গল্প ও চরিত্র নির্বাচন করছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শেষের দিকে নতুন কোনো সিনেমা কিংবা অন্য প্রকল্পের শুটিং শুরু করতে পারেন তিনি।

ক্যাটরিনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ২০২৪ সালের ‘মেরি ক্রিসমাস’। শ্রীরাম রাঘবন পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। এরপর থেকে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কিছুটা দূরে ছিলেন।

বলিউডে ‘ওয়েলকাম’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘এক থা টাইগার’-এর মতো একাধিক ব্যবসাসফল সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন ক্যাটরিনা কাইফ। ফলে তার নতুন প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা।

উল্লেখ্য, ২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। গত বছরের ৭ নভেম্বর এই দম্পতির ঘরে পুত্রসন্তানের জন্ম হয়। তাদের সন্তানের নাম রাখা হয়েছে বিহান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow