দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি ও অর্থপাচারের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
রোববার (১৪ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে অবস্থিত ইন্টারপোল অফিস থেকে পাঠানো আনুষ্ঠানিক এক চিঠিতে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।
মামলার নথি অনুযায়ী, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম।
দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংক হিসাব ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন ও পাচারের প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে।
এরপর ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত অভিযোগপত্র গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিদেশে অবস্থান করায় আদালতের নির্দেশে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।
সেই ধারাবাহিকতায় গত শুক্রবার দুবাই পুলিশ তাকে আটক করে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
What's Your Reaction?