দেশে ঈদুল ফিতর কবে? ১৯ মার্চ চাঁদ দেখা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
পবিত্র রমজান মাস শেষের পথে। ইতোমধ্যে ঈদুল ফিতর উদযাপনকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে অপেক্ষার প্রহর। কবে পালিত হবে ঈদ—এ নিয়ে চলছে আলোচনা ও জল্পনা।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বেশিরভাগ দেশে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব অনুযায়ী বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ পালিত হওয়ার সম্ভাবনাই বেশি।
তবে ঈদের তারিখ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১৯ মার্চ সন্ধ্যায়। এদিন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, চলতি বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, ২৯তম রমজানের দিন আকাশে অর্ধচন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায় ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে এবং ওই দিনই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ পালিত হতে পারে।
শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ থেকে শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে সৌদি আরবে ২০ মার্চ ঈদ হলে দেশে ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ও সম্ভাব্য তারিখ ধরে ২১ মার্চ ঈদের ছুটির ক্যালেন্ডার নির্ধারণ করেছে। তবে শরিয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
What's Your Reaction?