অ্যাপলের নতুন আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন এয়ার মডেলে অস্বাভাবিক এক চার্জিং সমস্যার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে গেলে চার্জারে সংযুক্ত করার পরও ডিভাইস দ্রুত চালু হচ্ছে না।
রেডিটসহ বিভিন্ন অনলাইন ফোরামে ব্যবহারকারীরা জানান, ব্যাটারি শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ার পর চার্জে লাগালেও কোনো চার্জিং সংকেত দেখা যায় না। এমনকি অনেক ক্ষেত্রে অ্যাপলের লোগোও স্ক্রিনে প্রদর্শিত হয় না। ফলে দীর্ঘ সময় ফোনের পর্দা সম্পূর্ণ কালো অবস্থায় থাকে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের সাংবাদিক বেঞ্জামিন মায়োও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, রাতে ফোনের চার্জ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চার্জে দিলেও কয়েক মিনিট পর্যন্ত সেটি চালু হয়নি। এমনকি ম্যাক কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করলেও ডিভাইসটি শনাক্ত হয়নি। ফোর্স রিস্টার্ট কিংবা একাধিক ইউএসবি-সি কেবল ব্যবহার করেও সমাধান পাওয়া যায়নি।
জানা গেছে, এই সমস্যা আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন এয়ার সিরিজের কিছু ডিভাইসে দেখা দিচ্ছে। তবে এটি সব ব্যবহারকারীর ক্ষেত্রে ঘটছে না। কারও ফোনে একবার সমস্যা দেখা দিয়েছে, আবার কারও ক্ষেত্রে একাধিকবার একই ঘটনা ঘটেছে।
বিশেষজ্ঞদের ধারণা, ব্যাটারির চার্জ নির্দিষ্ট ভোল্টেজের নিচে নেমে গেলে ফোন তাৎক্ষণিকভাবে চালু হতে পারে না। সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে প্রয়োজনীয় শক্তি ফিরে পেতে কিছুটা সময় লাগে। এ অবস্থায় ওয়্যারলেস চার্জিং তুলনামূলকভাবে স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
যাদের কাছে ওয়্যারলেস চার্জার নেই, তাদের মধ্যে কেউ কেউ ৬১ ওয়াটের ম্যাকবুক অ্যাডাপ্টার বা ৬৫ ওয়াটের তৃতীয় পক্ষের ইউএসবি-সি চার্জার ব্যবহার করে সমাধান পেয়েছেন। আবার অনেকে জানিয়েছেন, সাধারণ চার্জারেও কিছু সময় অপেক্ষা করলে ফোন স্বাভাবিকভাবে চালু হয়েছে।
রেডিটসহ বিভিন্ন অনলাইন ফোরামের ব্যবহারকারী এবং বেঞ্জামিন মায়োর মতো ভুক্তভোগীরা একটি কার্যকর সমাধানের কথাও জানিয়েছেন। তাদের মতে, সাধারণ কেবল চার্জারের পরিবর্তে ম্যাগসেফ বা ওয়্যারলেস চার্জার ব্যবহার করলে সমস্যাটি এড়ানো যাচ্ছে। ওয়্যারলেস চার্জিং প্যাডে ১০ থেকে ১৫ মিনিট চার্জ দেওয়ার পর পরে তারযুক্ত চার্জারেও সহজে চার্জ নেওয়া সম্ভব হচ্ছে।
অ্যাপল স্টোরের টেকনিশিয়ানরাও বর্তমানে ব্যবহারকারীদের একই পরামর্শ দিচ্ছেন বলে জানা গেছে।
সূত্র: ম্যাশেবল