নেদারল্যান্ডসে মসজিদে হামলা, বিয়ারের বোতল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ

May 30, 2026 - 13:40
 0  7
নেদারল্যান্ডসে মসজিদে হামলা, বিয়ারের বোতল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ

নেদারল্যান্ডসের রটারডাম শহরে একটি মসজিদকে লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মসজিদের ভবনে বিয়ারের বোতল ছুড়ে মারার পাশাপাশি দেয়ালে প্রস্রাব করে অবমাননাকর আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)। সংস্থাটির দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রটারডামের মেভলানা মসজিদে হামলা চালায়।

আইএসএনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মসজিদের মোজাইক করা দেয়ালের ক্ষতি সাধন করে এবং ভবনের দিকে একাধিক বিয়ারের বোতল নিক্ষেপ করে। এছাড়া তারা মসজিদের দেয়ালে প্রস্রাব করে চরম অসম্মানজনক আচরণ করে।

সংস্থাটি জানায়, ঘটনার সময় মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও হামলাকারীরা স্থান ত্যাগ করার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

বিবৃতিতে বলা হয়, মুসলিম সম্প্রদায় ও তাদের উপাসনালয়কে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়তে থাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এটিকে তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রয়োজনীয় কোনো গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করেনি।

পুলিশের এই মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছে আইএসএন। তাদের মতে, ধর্মীয় উপাসনালয় এবং সেখানে আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি ভয়ভীতি ছাড়াই ধর্মীয় কার্যক্রম পরিচালনার অধিকারও সুরক্ষিত রাখা প্রয়োজন।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, হামলার ঘটনার পাশাপাশি পুলিশের বিলম্বিত উপস্থিতিও উদ্বেগজনক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ঘটনায় আইএসএন আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং ঘটনার দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক তদন্তের দাবি জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow