পরীক্ষা কেন্দ্রে বাথরুমে নকল মিললে দায় নিতে হবে কেন্দ্র সচিবকে: শিক্ষামন্ত্রী
পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো পরীক্ষা কেন্দ্রে বাথরুমে নকল পাওয়া গেলে এর দায় সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকেই বহন করতে হবে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা মানসম্মতভাবে আয়োজন করা হবে। প্রতিটি পরীক্ষাকক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষাদানের গুণগত মানও পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে কোনো স্থানীয় সংসদ সদস্য সঙ্গী-সাথী নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এবং পরীক্ষার্থীদের কোনোভাবে বিরক্ত করা যাবে না। এসব বিষয় কঠোরভাবে নজরদারির জন্য কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা ঘিরে অযথা আতঙ্ক ছড়ানো থেকেও বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা বিবেচনায় বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে।
শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, একসময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি স্কুলগুলোতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানরা পড়াশোনা করলেও এখন সেই চিত্র পরিবর্তিত হয়েছে। এমনকি অনেক শিক্ষকও নিজেদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন না, যা শিক্ষাব্যবস্থার প্রতি আস্থাহীনতার ইঙ্গিত বহন করে।
শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ দেওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?