পহেলা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে বিশেষ বিধিনিষেধ
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে একগুচ্ছ বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই এসব বিধিনিষেধ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের পাঁচটি প্রধান প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল—সোমবার রাত ১০টা থেকে সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত এবং দুপুর ১২টার পর দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল গেট পুনরায় উন্মুক্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে নীলক্ষেত প্রবেশপথ ছাড়া উদয়ন স্কুল গেট ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
যানবাহন চলাচলের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি নীলক্ষেত ও উদয়ন স্কুল গেট দিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে পারবে না।
নববর্ষের দিন বিকাল ৫টা থেকে পুনরায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা কেবল ক্যাম্পাস ত্যাগ করতে পারবেন, প্রবেশের অনুমতি থাকবে না। এই নির্দেশনা রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়া সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ১৪ এপ্রিল বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে সব অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে; এরপর আর কোনো কার্যক্রম আয়োজন করা যাবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছে।
What's Your Reaction?