পূবাইলে অবৈধ কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Jun 20, 2026 - 17:48
 0  10
পূবাইলে অবৈধ কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় অবস্থিত ‘ইকো গ্রীন ওয়েল কোম্পানি লিমিটেড’ নামের একটি অবৈধ কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটিতে পোড়া মবিল ও পুরোনো টায়ার গলিয়ে কেমিক্যাল উৎপাদন করা হতো বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, দুপুর ২টার দিকে কারখানার একটি বয়লার বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আতঙ্কে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই স্থানে ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামে একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। সে ঘটনায় ৬ জন নিহত হন। তখন সেখানে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করা হতো। পরবর্তীতে ঘটনার পর কারখানাটির নাম পরিবর্তন করে ‘অটো গ্রিন অয়েল কোম্পানি’ রাখা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow