প্রথমবারের মতো পেশাদার টি-টুয়েন্টি লিগ আয়োজন করছে সৌদি আরব

May 16, 2026 - 17:42
 0  12
প্রথমবারের মতো পেশাদার টি-টুয়েন্টি লিগ আয়োজন করছে সৌদি আরব

ক্রিকেট বিশ্বে নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে সৌদি আরব। প্রথমবারের মতো দেশটি পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে, যার উদ্বোধনী আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের অক্টোবর মাসে। বিষয়টিকে সৌদি আরবের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এমন তথ্য জানিয়েছে আরব নিউজ।

ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ‘ডিউনস টি-টোয়েন্টি লিগ’। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে লিগটির পর্দা উঠবে। আয়োজকরা আশা করছেন, আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত ক্রিকেট তারকারা এতে অংশ নেবেন।

লিগ সংশ্লিষ্টদের মতে, এটি কেবল একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়; বরং খেলাধুলা ও বিনোদনের সমন্বয়ে একটি বড় আয়োজন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দেরও নিজেদের মেলে ধরার সুযোগ দেওয়া হবে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সৌদি আরবে শক্তিশালী ক্রিকেট সংস্কৃতি তৈরি করা এবং আঞ্চলিক পর্যায়ে খেলাটির প্রসার ঘটানো। একই সঙ্গে আন্তর্জাতিক তারকা ও উদীয়মান ক্রিকেটারদের এক মঞ্চে আনারও লক্ষ্য রয়েছে।

প্রস্তুতি কার্যক্রম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ২০২৬ সালের উদ্বোধনী আসরটিকে সৌদি আরবের ক্রীড়া খাতে একটি নতুন দিগন্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট তারকা, আঞ্চলিক প্রতিভা এবং আধুনিক ক্রীড়া অবকাঠামোর সমন্বয়ে সৌদি আরবকে বৈশ্বিক ক্রিকেট মানচিত্রে নতুনভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

এর আগে, ২০২৫ সালের অক্টোবরে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব দেয় সাউথ এশিয়ান নেটওয়ার্ককে। তারা ইউনিক স্পোর্টস গ্রুপ এবং প্রোলিথিক ট্যালেন্ট এজেন্সি-এর সহযোগিতায় আয়োজনটি পরিচালনা করবে।

ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, সৌদি আরবে ক্রিকেটের নতুন এই উদ্যোগের অংশ হতে পেরে তিনি আনন্দিত।

যুবরাজের মতে, নতুন বাজারে ক্রিকেটকে বিস্তৃত করা, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ তৈরি করা এবং দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দেওয়াই এই লিগের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ ও কিংবদন্তি খেলোয়াড়দের পাশাপাশি নতুন প্রতিভাদের একসঙ্গে খেলতে দেখা দর্শকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা হবে।

তিনি আরও বলেন, এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে এবং এই প্রকল্প সফল করতে তিনি ভূমিকা রাখতে আগ্রহী।

এদিকে আয়োজক সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এই অংশীদারিত্ব সৌদি আরবে ক্রিকেটের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে বিশ্বমানের ক্রীড়া বিনোদন তৈরি এবং স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow