প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েন ভাবনা, জানালেন সেই গল্প
অভিনয়ের পাশাপাশি চিত্রকর্মেও নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিশেষ করে কাককে কেন্দ্র করে তার আঁকা ছবি ও ভালোবাসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনা তৈরি হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের অভিজ্ঞতার পাশাপাশি কাকের প্রতি নিজের গভীর অনুরাগের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।
ভাবনা অভিনীত চলচ্চিত্র পায়ল নিয়ে তিনি অংশ নেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে লাল গালিচায় বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে তিনি পরেছিলেন সবুজ রঙের বেনারসি গাউন। তবে তার পোশাকের পাশাপাশি কাককে ঘিরে তার ভালোবাসাও নতুন করে আলোচনায় আসে।
কাকের প্রতি আকর্ষণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভাবনা বলেন, ভালোবাসা কখনো যুক্তি দিয়ে বোঝানো যায় না। পুরান ঢাকায় বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই সবচেয়ে বেশি কাক দেখেছেন তিনি। সেই পরিচয় থেকেই পাখিটির প্রতি আলাদা টান তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাক নিয়ে ট্রল ও বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি কাককে কেন্দ্র করেই ছবি আঁকেন এবং দেশের বাইরেও নিজের এই ভালোবাসার বিষয়টি তুলে ধরেছেন।
ভাবনার ভাষায়, মানুষ যেন কাককে অবহেলা না করে বরং একটু ভালোবাসে। তিনি সবাইকে বারান্দায় কাকের জন্য খাবার ও পানি রাখারও আহ্বান জানান।
সমালোচনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভাবনা বলেন, তিনি প্রতিশোধে বিশ্বাস করেন না। সবকিছু সৃষ্টিকর্তা ও প্রকৃতির ওপর ছেড়ে দেন। তার মতে, প্রকৃতির বিচারই সবচেয়ে কঠিন।
এদিকে মস্কো উৎসবে সবুজ বেনারসি গাউন পরার কারণ ব্যাখ্যা করে ভাবনা বলেন, বিদেশে গেলে তিনি নিজেকে শুধু একজন শিল্পী নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও দেখেন। সবুজ বেনারসির মাধ্যমে তিনি দেশের পতাকার আবহ তুলে ধরতে চেয়েছেন। একই সঙ্গে দেশীয় বেনারসি আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয় হয়ে উঠুক—এমন প্রত্যাশার কথাও জানান এই অভিনেত্রী।
What's Your Reaction?