প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এর আগে গত বৃহস্পতিবার রাতে তিন দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়ার সিউল থেকে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সফরকালে তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরে রাতেই ঢাকায় ফিরে আসেন তুরস্কের এই শীর্ষ কূটনীতিক।
সফরসূচি অনুযায়ী, শনিবার বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
What's Your Reaction?