বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, কপাল পুড়ল যাদের
আসন্ন আন্তর্জাতিক সফরকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে দলটি ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়বে। এর আগে ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে ছয়জন ফুটবলারকে বাদ দিয়ে ২২ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
গত ১৬ মার্চ শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে দুই দিন অনুশীলনের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাদ পড়াদের মধ্যে ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দের নাম আগে থেকেই অনুমেয় ছিল। তবে নিয়মিত পারফর্ম করা সোহেল রানা জুনিয়রের বাদ পড়া কিছুটা অপ্রত্যাশিত। অনুশীলনে চোট পাওয়ায় শেষ পর্যন্ত তাকে স্কোয়াডের বাইরে থাকতে হয়েছে।
দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া মিডফিল্ডার মানিকও জায়গা ধরে রাখতে পারেননি। ক্যাম্পে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই তাকে বাদ দেওয়া হয়েছে চূড়ান্ত দল থেকে।
এছাড়া একসময় কোচের আস্থাভাজন ডিফেন্ডার ইসা ফয়সালও আবারও চূড়ান্ত দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন। সাম্প্রতিক সময়ের মতো এবারও তিনি স্কোয়াডের বাইরে থাকছেন। তার সঙ্গে শাকিল হোসেন ও রফিককেও বাদ দেওয়া হয়েছে।
সাধারণত আন্তর্জাতিক ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড গঠন করা হলেও এবার ২২ জন খেলোয়াড় নিয়েই ভিয়েতনাম সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে হামজা চৌধুরী রোববার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই সফরের আগে দল গঠনে কিছু চমক রেখে দিয়েছেন কোচ ক্যাবরেরা, যা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা চলছে।
What's Your Reaction?