বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান
নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি অ্যালবিনো (ধবল) মহিষ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চেহারাগত কিছু সাদৃশ্যের কারণে মজার ছলে মহিষটির এমন নাম রাখা হয়েছিল। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক আলোচনায় আসে এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল এবং মুখের গঠন অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্টের চেহারার সঙ্গে মিল রয়েছে বলে আলোচনা তৈরি হয়েছে। সেই সূত্রে বিষয়টি এবার ইরানের নজরেও এসেছে।
রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। পোস্টটির ক্যাপশনে রসিকতাপূর্ণ ভঙ্গিতে লেখা হয়, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটির মন খারাপ হয়ে গেছে।”
ইরানি দূতাবাসের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনও যুক্ত করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনার পর থেকে মহিষটির খাওয়া-দাওয়ার পরিমাণও নাকি কমে গেছে।
উল্লেখ্য, বাংলাদেশের এই মহিষটিকে ঘিরে ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।
What's Your Reaction?