বাংলাদেশে চালু এআইভিত্তিক আইনি প্ল্যাটফর্ম ‘ফাইন্ডমাইঅ্যাডভোকেট’

Mar 17, 2026 - 17:03
 0  28
বাংলাদেশে চালু এআইভিত্তিক আইনি প্ল্যাটফর্ম ‘ফাইন্ডমাইঅ্যাডভোকেট’

আইনি পরামর্শ ও উপযুক্ত আইনজীবী খোঁজার প্রক্রিয়াকে সহজ করতে দেশে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ডিজিটাল আইনি প্ল্যাটফর্ম ‘ফাইন্ডমাইঅ্যাডভোকেট’। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা ঘরে বসেই দেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবেন।

প্ল্যাটফর্মটি মূলত বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে একটি ডিজিটাল সংযোগ তৈরি করে। এতে থাকা এআই-পাওয়ার্ড সার্চ ও চ্যাটিং সিস্টেম ব্যবহারকারীর আইনি সমস্যার ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত আইনজীবীর তথ্য দেখায়। পাশাপাশি প্ল্যাটফর্মে থাকা এআই লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে প্রাথমিক আইনি পরামর্শও পাওয়া যায়।

ফাইন্ডমাইঅ্যাডভোকেটের তথ্যভান্ডারে বর্তমানে দেশের সব জেলার নিবন্ধিত আইনজীবীদের তথ্য যুক্ত রয়েছে। এর মাধ্যমে দেওয়ানি, ফৌজদারি, কর ও ভ্যাট, দলিল লেখা, বিবাহ ও তালাক নিবন্ধন এবং সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে আইনজীবীদের সঙ্গে সহজে যোগাযোগ করা সম্ভব। আইনজীবীদের অভিজ্ঞতা, রেটিং ও অবস্থান সম্পর্কিত তথ্য থাকায় ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী আইনজীবী নির্বাচন করতে পারেন।

প্ল্যাটফর্মটির উদ্যোক্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান বলেন, প্রয়োজনের সময় আইনি বিশেষজ্ঞের পরামর্শ পাওয়া অনেক ক্ষেত্রে জটিল ও সময়সাপেক্ষ হয়ে পড়ে। এই ভোগান্তি কমাতে এবং আইনি সেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্ল্যাটফর্মটিতে বাংলাদেশের ইহান চৌধুরী নির্মিত ‘সাইট্যাক্স এআই’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোন থেকেই আইনজীবীর সঙ্গে ভিডিও কলে কথা বলা, চেম্বারে সাক্ষাতের সময় নির্ধারণ বা বাসায় সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

এ ছাড়া আইনজীবীরাও এখানে নিজেদের প্রোফাইল তৈরি করে অনলাইনে প্র্যাকটিস পরিচালনা ও সময়সূচি ব্যবস্থাপনার সুবিধা পাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow