বাংলাদেশে প্রথমবার স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাইবোলা’ সংযোজন

Apr 6, 2026 - 16:58
 0  12
বাংলাদেশে প্রথমবার স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাইবোলা’ সংযোজন

বাংলাদেশ ক্রিকেটে প্রযুক্তিগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাইবোলা’ সংযোজনের মাধ্যমে। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবারের মতো এই আধুনিক মেশিনটি ব্যবহার করতে দেখা যায়।

এতদিন দেশে যে বোলিং মেশিনগুলো ব্যবহৃত হয়ে আসছিল, সেগুলো মূলত পেস বোলিং বা বাউন্সার অনুশীলনের জন্য উপযোগী ছিল। তবে এবার প্রথমবারের মতো স্পিন বোলিং অনুশীলনের জন্য বিশেষভাবে তৈরি একটি মেশিন যুক্ত হলো।

বিশ্বের ক্রিকেট পরাশক্তি হিসেবে পরিচিত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ ধরনের মেশিনের ব্যবহার বেশ প্রচলিত। বিশেষ করে যেখানে মানসম্মত স্পিনারের ঘাটতি রয়েছে, সেখানে খেলোয়াড়দের প্রস্তুতির জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, দীর্ঘদিন ধরেই এ ধরনের একটি মেশিন আনার পরিকল্পনা ছিল। সম্প্রতি সেটি বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, প্রায় ১০ হাজার পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে মেশিনটি কেনা হয়েছে।

তিনি আরও জানান, মেশিনটি আকারে ভারী হওয়ায় বিমানপথে না এনে সমুদ্রপথে দেশে আনা হয়েছে।

মেশিনটির কার্যক্ষমতা সম্পর্কে নাফীস বলেন, এটি দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার—এই তিন ধরনের স্পিন বল অনুশীলন করা সম্ভব। পাশাপাশি বলের গতি ও লেন্থ নিয়ন্ত্রণ করা যায়। মেশিনটি ম্যানুয়াল এবং অটোমেটিক—উভয় মোডেই পরিচালিত হতে পারে। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫ থেকে ৩০টি বল খেলার সুযোগ রয়েছে।

নতুন এই প্রযুক্তি যুক্ত হওয়ায় জাতীয় দলের ব্যাটসম্যানদের স্পিন মোকাবিলার দক্ষতা আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow