বিরল ইবোলা ভাইরাসের বিস্তার, বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিরল ধরনের ইবোলা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক পর্যায়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে পরিস্থিতিকে এখনই মহামারি হিসেবে চিহ্নিত করেনি সংস্থাটি।
জেনেভাভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গো ও প্রতিবেশী উগান্ডায় শনাক্ত হওয়া ‘বুন্দিবুগিও’ ধরনের ইবোলা ভাইরাস বর্তমানে আন্তর্জাতিক জনস্বাস্থ্য উদ্বেগের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে এটিকে আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে ডব্লিউএইচও স্পষ্ট করেছে, পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছানোর প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেনি। কঙ্গোতে দ্রুত সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধির প্রেক্ষাপটে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আফ্রিকার জনস্বাস্থ্য বিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান Africa Centres for Disease Control and Prevention এক প্রতিবেদনে জানিয়েছে, কঙ্গোতে এখন পর্যন্ত এই বিরল প্রজাতির ইবোলা ভাইরাসে ২৪৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের অধিকাংশই কঙ্গোর স্বর্ণখনি-নির্ভর অঞ্চল মংগওয়ালু ও রামপারা এলাকার বাসিন্দা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার প্রধান উদ্দেশ্য হলো আক্রান্ত দেশগুলোকে দ্রুত কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করা এবং প্রতিবেশী দেশগুলোতে সংক্রমণ প্রতিরোধে কার্যকর নজরদারি ব্যবস্থা নিশ্চিত করা।
এ লক্ষ্যে কঙ্গোর আক্রান্ত অঞ্চলগুলোতে বিশেষজ্ঞ স্বাস্থ্যকর্মীদের দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদারেরও পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
What's Your Reaction?