বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের হাইকমিশনার

May 18, 2026 - 12:25
 0  10
বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার মি. ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর মি. তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য খাতের সম্ভাবনা, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এ সময় সিঙ্গাপুরের হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং নতুন উন্নয়ন সম্ভাবনা তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন। এ সময় সিঙ্গাপুর সফরের জন্য বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণও জানান হাইকমিশনার।

এ ছাড়া সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপিও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow