বিশ্বকাপের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়াকে রেকর্ড লজ্জায় ফেলল বাংলাদেশ

Jun 11, 2026 - 16:17
 0  10
বিশ্বকাপের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়াকে রেকর্ড লজ্জায় ফেলল বাংলাদেশ

ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর ফিফা ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ রাতে। এমন বিশেষ দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ক্রিকেট ইতিহাসে ছয়বারের ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন দুর্দান্ত এক কীর্তি গড়ে আলোচনায় এসেছে টাইগাররা।

ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ভয়াবহ ধস নামিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। কোনো রান যোগ হওয়ার আগেই তিনটি উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্রিকেটে বিরল এক রেকর্ডের জন্ম দেয় স্বাগতিকরা। বিশ্বকাপের উদ্বোধনী দিনে বিশ্বচ্যাম্পিয়নদের এমন অসহায় চিত্র খুব কমই দেখা গেছে।

সিরিজের প্রথম ম্যাচেও নতুন বলে সফল ছিলেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। পরে নাহিদ রানার গতির ঝড়ে গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং। সেই ম্যাচে ৮৬ রানের জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য ছিল সিরিজ বাঁচানোর লড়াই।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। তবে শুরু থেকেই তারা চরম চাপে পড়ে বাংলাদেশের পেস আক্রমণের সামনে।

ইনিংসের তৃতীয় বলেই প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বলে শট না খেলেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার ম্যাথু শর্ট। বলটি ভেতরে ঢুকে সরাসরি স্টাম্প ভেঙে দেয়।

পরের ওভারে জোড়া সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই ফেরান কনোলিকে। এরপর ম্যাট রেনশও উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলে কোনো রান না তুলেই তিন উইকেট হারানোর লজ্জায় পড়ে অস্ট্রেলিয়া।

ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ১,০২৪টি ম্যাচ খেলেছে। এই দীর্ঘ ইতিহাসে দুই ওপেনার শূন্য রানে আউট হওয়ার ঘটনা এর আগে ঘটেছিল মাত্র দুইবার। প্রথমবার ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং দ্বিতীয়বার ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ ম্যাচে ম্যাথু শর্ট ও কনোলির ডাক মারার মাধ্যমে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।

আরও একটি বিব্রতকর রেকর্ডের সাক্ষী হয়েছে অজিরা। ওয়ানডে ক্রিকেটে এর আগে কখনোই তারা শূন্য রানে তিন উইকেট হারায়নি। এর আগে সর্বনিম্ন স্কোরে তিন উইকেট হারানোর সময়ও তাদের সংগ্রহ ছিল ৫ রান।

পরিসংখ্যান বলছে, ওয়ানডে ক্রিকেটে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম তিন উইকেট হারানো মাত্র চতুর্থ দল হলো অস্ট্রেলিয়া। এর আগে এমন ঘটনা ঘটানো দলগুলোর মধ্যে সর্বশেষ ছিল বাংলাদেশ। ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথম তিন বলেই তিন উইকেট হারিয়েছিল টাইগাররা। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন চামিন্দা ভাস।

এদিকে উদ্বোধনী জুটিতে কোনো রান যোগ না করেই টানা চার ইনিংসে উইকেট হারানোর নজির গড়েছে অস্ট্রেলিয়া। এর আগে এমন রেকর্ড ছিল কেবল পাপুয়া নিউগিনির।

ব্যক্তিগতভাবেও দুঃসময় কাটছে ম্যাথু শর্টের। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার মাধ্যমে টানা তৃতীয় ওয়ানডেতে ডাক মারলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।

বাংলাদেশি পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ফলে সিরিজে টিকে থাকার লড়াইয়ে সফরকারীদের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow